রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং খাতের গুরুত্ব ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের যৌথ আয়োজনে “বাংলাদেশের ব্যাংকিং খাতের গুরুত্ব ও চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনার আজ বুধবার (২৪ জুন) দুপুর ২:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। সেমিনারে রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কামারুল্লাহ বিন তারিক ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ইকারামুল হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এই ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য অর্থনীতি বিভাগ ও ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারকে ধন্যবাদ জানান। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ এবং ব্যাংকিং খাত নিয়ে এমন আলোচনা শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় উল্লেখ করেন।
প্রফেসর ড. কামারুল্লাহ বিন তারিক ইসলাম বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক গুরুত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর অবদান, খেলাপি ঋণ (NPL) সমস্যা এবং খাতটির বিভিন্ন বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ব্যাংকিং খাতের সুশাসন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।
জনাব ইকারামুল হাসান অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশের গবেষণা খাতে বিদ্যমান চাকরির সম্ভাবনা, গবেষণায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা এবং জাতীয় উন্নয়নে গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
সেমিনারের সভাপতি জনাব নজরুল ইসলাম, সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেমিনার সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।